ঢাকার অন্যতম দর্শনীয় স্থান লালবাগ কেল্লা নোটিশ ছাড়াই বন্ধ রাখায় ঘুরতে আসা দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এ কারণে ফিরে যেতে হয়েছে অনেক দেশি-বিদেশী দর্শনার্থীদের।
আজ বুধবার সকালে লালবাগ কেল্লার প্রধান ফটকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও ফটকে ঝুলছে তালা; এমন দৃশ্যই চোখে পড়ে।
এ সময় ফটকের ভেতরে দায়িত্বে থাকা এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, বড়দিন তাই কেল্লা বন্ধ। তবে নোটিশ দেওয়া হয়নি কেন? জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না, স্যারদের বলেন। তখন তার নাম জানতে চাইলে তিনি চলে যান।
কেল্লার কেটে দাঁড়িয়ে থাকা মহসিন আক্তার মালা নামে এক দর্শনার্থী বলেন, বড়দিনের ছুটি থাকায় মিরপুর থেকে কেল্লা ঘুড়তে পরিবারের সকলকে নিয়ে এসেছি। তবে এখানে সকাল সাড়ে নয়টা থেকে এগাড়োটা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর জানতে পারি কেল্লা বন্ধ। তবে গেটে নোটিশ দেয়া থাকলে আমরা অন্য কোথাও যেতাম। এই ভোগান্তি পোহাতে হতো না।
এদিকে কলকাতার বর্ধমান থেকে আসা অমিয় চ্যাটার্যী বলেন, এখানে বেড়াতে এসেছিলাম। তবে দু’ঘন্টা থাকার পর জানতে পারি বন্ধ। কেল্লা বন্ধ থাকতে পারে, সেটার জন্য তো নোটিশ বোর্ড লাগানো উচিৎ। তাহলে অপেক্ষা না করে অন্য কোথাও ঘুরতে যাওয়া যেত।
যশোর থেকে আসা আইনজীবী জুয়েল আহমেদ ঝিনুক বলেন, ব্যস্ততার কারণে দর্শনীয় স্থান ঘুরে দেখা হয় না। বন্ধের দিন সুযোগ পেয়ে আসলাম। তবে বন্ধ থাকার বিষয়টা জানার জন্য নোটিশ খুঁজলাম; পেলাম না।
অপরদিকে ধানমন্ডি থেকে আমিরুল ইসলাম, গ্রীন রোডের জামিল খান, সাভারের রাতূলসহ অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ পোর্ট ও মিউজিয়ামের কাসটোডিয়াম হালিমা আফরোজ বলেন, নোটিশ বোর্ড তৈরির জন্য তিন দিন আগে যাকে দায়িত্ব দেয়া হয়েছিলো তার বাবা অসুস্থ্য হয়ে মেডিকেলে আছে। তাই তিনি সেটা করতে পারেনি।
