নিজস্ব সংবাদদাতা, ঢাকা; প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিল খ্যাতনাম জুয়েলারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এর সাহায্য যাতে যথাযথভাবে বিতরণ হয় তা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। এ সময়ে দিলীপ কুমার তার নিজ এলাকা চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রের সমন্বয়ে প্রকৃত ভুক্তভোগীদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে নিশ্চয়তা প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে দিলীপ কুমার মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি ও আমার প্রতিষ্ঠানের ব্রতই হল সেবা করা। যেকোন পরিস্থিতে মানুষের পাশে থাকতে পারাটাই জীবনে স্বার্থকতা। শুধু করোনা পরিস্থিতি না আমি দীর্ঘ দিন যাবৎ তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি দেশবাসী ও বিত্তবানদের কাছে অনুরোধ করব আপনারা যার-যার ক্ষেত্র থেকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করবেন আমরা যাতে এই পরিস্থিতি অতিক্রম করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। নতুন করে আরও ৩ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন। আজ বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।
আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম
