নিজস্ব সংবাদদাতা, ঢাকা; নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ঈদের আগে দেওয়ার লক্ষ্যে জরুরি এমপিও সভাও ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ।
আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২০) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত সভার বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
শিক্ষক কর্মচারীদের সরকারি অংশ (এমপিও) প্রদান বিষয়ে আগামী শনিবার (১৬ মে) বেলা ১১টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।
নোটিশে বলা হয়, ‘এমপিও আবেদন অনুমোদনের নিমিত্তে করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ এমপিও সভা ডাকা হয়েছে। এতে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সঙ্গে এনটিআরসিএ, ব্যানবেইস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের কর্মকর্তারা সংযুক্ত হবেন।’
নোটিশে আরও বলা হয়, ‘এ ছাড়া সভার সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ যথাসময়ে সংযুক্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তাদের ই-মেইল ঠিকানায় যথাসময়ে একটি লিঙ্ক পাঠানো হবে।’

সভায় নতুন এমপিওভুক্ত ও এমপিও স্তর পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এমপিও’র বিষয়ে আলোচনা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
জানা গেছে, এমপিও সভায় নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ঈদের আগে দেওয়ার আলোচনা ছাড়াও এমপিওভুক্তি নয় যোগদানের তারিখ থেকে শিক্ষকদের অভিজ্ঞতা গণনা ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদীনের দাবি বদলী প্রথা চালুর বিষয়েও এ কমিটিতে আলোচনায় উঠতে পারে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আর এক নির্দেশনায় বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরের সরকারি ছুটিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে হবে।
আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ
