নিজস্ব সংবাদদাতা, মাগুরা; জেলার শ্রীপুর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির  এক মাদরাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার (০৩ মে ২০২০) এ বিষয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ রবিবার দুপুরেই ধর্ষক জুয়েলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহবুবুর রহমান জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে দীর্ঘদিন ধরে একই গ্রামের জুয়েল বিশ্বাস প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তাতে সাড়া না দেয়ায় জুয়েল বিভিন্ন সময় হুমকি দিত। গত ৩০ এপ্রিল সকালে মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় জুয়েল ও তার চাচাতো ভাই পাভেল ওই কিশোরীকে জোর করে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে জুয়েল মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ওই কিশোরীর মা স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানিয়ে ঘটনার বিচার দাবি করেন। তাতে সুরাহা না হওয়ায় রবিবার তিনি বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

সংশ্লিষ্ট গয়েসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিম মোল্লা বলেন, বিষয়টি স্পর্শকাতর বলেই গ্রাম্য সালিশ না করে আমি মেয়েটির মাকে থানায় পাঠিয়েছি।

এর আগে জেলার  সদর উপজেলায় ধর্ষণের শিকার হন গৃহবধূ ।  গত  শনিবার (০২ মে ২০২০)  রাতে এ ঘটনায় সদর থানায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বর্তমানে গৃহবধূকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ধর্ষণের শিকার গৃহবধূর বাবা মামলায় অভিযোগ করেছেন, তার মেয়ে বৃহস্পতিবার সেহরির সময় রান্নার কাজ করছিলেন। এ সময় একই এলাকার তাইজেল মোল্যার ছেলে রিপন তাকে জোরপূর্বক সেখান থেকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আমাদের বাণী ডট কম/০৪ মে ২০২০/সিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।