হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলা শহরের কমলাপুরে সময়মতো বাড়ি ভাড়া দিতে না পারায় ৯ মাসের অন্তঃসত্ত্বা জুলেখা (৩০) নামে এক নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠে গত বুধবার (২৯ এপ্রিল ২০২০) সকালে। আগুনে জুলেখার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় । ঐদিনই কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে ঢাকায় যাওয়ার মত পরিস্থিতি না থাকায় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তত্ত্বাবধানে কুষ্টিয়া মডেল থানার ওসিসহ অন্যান্য অফিসাররা সবাই টাকা তুলে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থের ব্যবস্থা করে দেন পুলিশ সদস্যবৃন্দ।
দীর্ঘদিন জীবন যুদ্ধের সাথে লড়াই করে অন্তঃসত্ত্বা সেই পেট্রোলদগ্ধ নারীটি সন্তান জন্ম দিয়েই মারা গেলেন। শুক্রবার (৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর ঠিক পূর্ব মুহুর্তে নারীটি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে সন্তানটিও ছিল মৃত।
জানা গেছে, ঢাকায় চিকিৎসার এক পর্যায়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) জুলেখাকে কুষ্টিয়ায় ফেরত পাঠিয়ে দেয়া হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নারীটি মৃত্যুর প্রহর গুনতে গুনতে শুক্রবার (০৮ মে) তার মৃত্যু হয়।
জুলেখা (৩৫) নামের ঐ নারীটি স্বামীসহ শহরের কমলাপুর এলাকায় নবীন প্রামানিক স্কুল সংলগ্ন ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী মিরপুর উপজেলার বহলবাড়িয়া সেন্টার এলাকার মেহেদী হাসান। গত বুধবার (২৯ এপ্রিল ২০২০) সকালে জুলেখা তার বাড়ির বাইরে পাশের দুইজন মহিলার সাথে কথা বলছিলো। এমন অবস্থায় হঠাৎ করে বাড়ির মালিকের বড় ছেলে রোকনুজ্জামান রনি ঐ নারীটির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। জুলেখার আর্তচিৎকার শুনে অন্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসে।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ রনিকে আটক করে। মডেল থানায় মামলা হয়।
এ ব্যপারে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটে জুলেখা ও বাড়িওয়ালার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছিল। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা জুলেখার গাঁয়ে আগুন ধরিয়ে দেয়।
ওসি গেলাম মোস্তফা আরও জানান, অতি দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে।
আমাদের বাণী ডট/০৯ মে ২০২০/পিবিএ
