প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও মোবাইল ডিভাইস ব্যাবহারের মাধ্যমে পরীক্ষার্থীদের উত্তর বলে দেয়া জালিয়াত চক্রের ৩০ জনকে নেত্রকোনার কেন্দুয়া থেকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
শুক্রবার বেলা পৌনে ১১ টায় কেন্দুয়া পৌরসভার ছয়ানি গ্রামের মনিরুজ্জামান ভূঁইয়া শামীমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটদের কেউ শিক্ষক, কেউবা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ পড়ুয়া ছাত্র। এখন পর্যন্ত তাদের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি।
এসব তথ্য নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুজ্জামান জানান, গোপনে সংবাদ ছিল আটকেরা প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদেরকে তারা প্রশ্নের উত্তরও বলে দেন। শুক্রবার নেত্রকোনায় অনুষ্ঠিত প্রাথমিক নিয়োগ পরীক্ষায় তারা ওই সব অপরাধে জড়িত ছিল বলে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ জানান, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নেত্রকোনার কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা ও আটপাড়া উপজেলার ২২ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী ছিলেন।
