বান্দরবানের রুমা উপজেলায় চাইরাগ্র পাড়ার জুরভারং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীর আহত হওয়ার ছবি প্রকাশ হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

হ্যাপিহিল পাড়ার তনখুপ বম এর ছেলে আলমন বম উক্ত বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।আহত শিক্ষার্থীর বাবার সাথে কথা বলে জানা যায়, সকালে বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্নতায়  তার ছেলে অবহেলা করার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত ত্রিপুরা তাকে বেধরক পিটিয়ে আহত করে। ছেলেটি আহত হওয়ায় শরীরে জ্বর চলে এসেছে বলে অভিযোগ করেন তনখুপ বম।

তিনি আরো জানান ছেলে জ্বর অবস্থায় বাড়িতে বিছানায় পড়ে থাকলেও বাড়ি থেকে হাসপাতাল দূরবর্তী হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থার দুর্গমতার কারণে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নি।  শিক্ষকের এমন আচরণে এবং সন্তানের আহত হওয়ার ঘটনায় বিচার চেয়েছেন তিনি।

এদিকে রুমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম জানান, একজন শিক্ষার্থীকে এভাবে আঘাত করা আইনত অপরাধ। তিনি রুমা উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তীকে এই বিষয়ে ঐ শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্হা নিতে বলেন।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের দ্বারা পাঠদানসহ বিদ্যালয়ের নিয়মিত কাজে দায়িত্বে অবহেলার একাধিক অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।