নাটোর সংবাদদাতা; জেলার সিংড়া উপজেলায় বেড়াতে এসে করোনা উপসর্গ নিয়ে অরুণ কুমার দাস (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২০) বিকেল সাড়ে ৫টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে সকালে তার নমুনা সংগ্রহ করা হয়।

  • অরুণ কুমার দাস রাজশাহীর চারঘাট এলাকা থেকে সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লায় তার এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, অরুণ কুমার দাস হাইপেসার ও এজমার রোগী। বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। কিন্তু বিকালে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। বর্তমানে লাশটি রাজশাহীর চারঘাটে দাফনের সিদ্ধান্ত হয়েছে। সে মৃত বজেন্দ্রনাথ দাসের ছেলে বলে জানা গেছে।

  • সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাসরিন বানু বলেন, ওই ব্যক্তির করোনা উপসর্গ ছিল। আপাতত সিংড়াতে তার আত্মীয়-স্বজনরা হোম কোয়ারেন্টিনে আছেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।