নিজস্ব সংবাদদাতা, পাবনা; পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী এবং পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এমপি শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে মাহজেবিন শিরীন পিয়া।
পরিবারের বরাত দিয়ে পাবনা জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা জানান, শামসুর রহমান শরীফ বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদ স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবারেরর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার জানাজা নামাজের সময় এখনও নির্ধারিত হয়নি। এই বর্ষিয়ান রাজনীতিকের মৃত্যুতে পাবনা জেলা আওয়ামীলীগের মধ্যে শোক নেমে এসেছে।
উল্লেখ্য, শামসুর রহমান শরীফের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা গ্রামে। ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দী সড়কের বাসভবনে তিনি বসবাস করতেন।
আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ
