নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও একজন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

দেশের এ পরিস্থিতিতে কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আগামীকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।

আজ বুধবার (০১ এপ্রিল ২০২০)  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী আগামীকাল থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ আইএসপিআরের পক্ষ থেকে দেশের সব জেলায় সেনাবাহিনী পাঠানোর কথা জানানো হয়। এরপর থেকে দেশের সব বিভাগ এবং জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছে সেনাবাহিনী। সারা দেশে স্থানীয় প্রশাসনকে নিয়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী।

আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।