নিজস্ব সংবাদদাতা, ঢাকা; ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া দুজন মারা গেছেন। এদের মধ্যে একজনের বয়স (৬৫) অপরজনের (৩২)।

আজ বুধবার (০১ এপ্রিল ২০২০)  সন্ধ্যায় এই দুজনের মৃত্যুর বিষয় জানায় ঢামেক কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক বলেন, ‘তারা জ্বর, সর্দি কাশি নিয়ে ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তারা মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়। তা নিশ্চিত হতে স্যাম্পল (নমুনা) পরীক্ষার জন্য আইইডিসিআর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানা গেছে, গতকাল  মঙ্গলবার (৩১ মার্চ ২০২০) তারা হাসপাতালে ভর্তি হয়। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। গত রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। আজ বুধবার (০১ এপ্রিল ২০২০) ভোর ৫টার দিকে আরেকজন মারা যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও একজন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/সিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।