মাদক শুধু একটি পরিবারের নয় পুরো সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। একটি সুখি-সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠনের লক্ষে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। একসাথে সবাইকে কাজ করতে হবে। আর যারা আমাদের সন্তানদের হাতে মাদক তুলে দিচ্ছে তাদেরকে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সামাজিক ভাবেও তাদেরকে বয়কট করতে হবে। বাল্য বিবাহ সমাজের একটি বড় ব্যাধী। মেয়েদের বাল্য বিবাহ থেকে মুক্ত করে সু শিক্ষায় শিক্ষিত করতে হবে। জনপ্রতিনিধিসহ আপনাদের সাথে নিয়ে আমি কাজ করবো। আর এজন্য আপনারা আমাকে সহযোগীতা করবেন।
রাজবাড়ী নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম বালিয়াকান্দি উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুধী সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজিবের সঞ্চালনায় এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজবাড়ী নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ হান্নান মোল্যা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠান শেষে নবাগত জেলা প্রশাসককে উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুধী সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
