পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ে যাওয়ায় সময় অটোরিকশার চাপায় রিতু রানী (১৩) নামের এক ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাবুপুরা বাজার সংলগ্ন বৈরাগি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতু সাবুপুরা গ্রামের দিনমজুর সুকুমার বেপারির মেয়ে। সে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সাবুপুরা বাজার সংলগ্ন বৈরাগি বাড়ির সামনে পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, খবর পেয়ে আহত রিতুকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পর বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
