ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী আবদুর রহিম রিমনকে (৩২) লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করেছে বখাটেরা।
আহত রিমন স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের পুরাতন পশ্চিম ডাক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রিমনের স্ত্রী ফারিয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে তারা শহরের পশ্চিম ডাক্তারপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় স্থানীয় বখাটে সজিবের নেতৃত্বে একদল যুবক রাস্তায় অবস্থান নেয়। পরে রিমনের উপস্থিতিতে বখাটেরা তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্তের চেষ্টা করে। এতে রিমন বাধা দিলে তাকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
এক পর্যায়ে রিমন জ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বখাটেরা পালিয়ে যায়। এ সময় ফারিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সহায়তায় রিমনকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
এ দিকে, ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ দৈনিক অধিকারকে জানান, আহত রিমনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
