রাজশাহীর আমানা হাসপাতালকে মাত্র ২৫ টাকার ইনজেকশনের দাম ৫০০ টাকা নেওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ তথ্য জানান।
তিনি আরও জানান, রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা মাইনুল হক কয়েকদিন আগে তার এক আত্মীয়ের অপারেশন করান নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় অবস্থিত বেসরকারী আমানা হাসপাতালে। এ সময় অপারেশনের রোগীর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি ইনজেকশনের দাম নেয় ৫০০ টাকা। তিনি ১ হাজার টাকায় দুটি ইনজেকশন কিনেন।
পরে মাইনুল জানতে পারেন, হাসপাতালের বাইরের ফার্মেসিতে একই ইনজেকশনের দাম মাত্র ২৫ টাকা। এ নিয়ে অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এরপর গত সোমবার তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরই আমানা হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়। শুনানিতে ২৫ টাকার ইনজেকশন ৫০০ টাকায় বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় আমানা হাসপাতাল লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা হয়। আইন অনুযায়ী ওই টাকার মধ্য থেকে ১০ হাজার টাকা পেয়েছেন অভিযোগকারী।
