অবসর গ্রহণ করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির। অবসর গমণের সুবিধার্থে তাঁকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। একই আদেশে পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমীনকেও অবসর গমণের সুবিধার্থে ওএসডি করা হয়েছে।
একই আদেশে চলতি বছরের ৩০ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান ড. এ এফ এম মঞ্জুর কাদির। এর আগে প্রায় ৩ বছর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিদ্যালয় শাখা) হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা গেছে, ড. এ এফ এম মঞ্জুর কাদিরের জন্মস্থান রংপুরে। তিনি রংপুর কারমাইমেল কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন। পড়ালেখা শেষ করে ১৯৮৮ খ্রিষ্টাব্দে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকরিরত অবস্থায় তিনি ভারত থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি পাবনায় জেলা প্রশাসক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, লোক প্রশাসনের অধিদপ্তরের পরিচালক, জাতীয় গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

