আগামী আগস্ট মাসের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এই বিসিএসে নেওয়া হবে ২ হাজার ১৩৫ জনকে। ৪১তম বিসিএসের বিষয়ে চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে। এখন সুবিধাজনক সময়ে পিএসসি এই বিসিএসের প্রজ্ঞাপন জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

পিএসসির চেয়ারম্যান জানান, ৪১তম বিসিএসে ২ হাজার ১৩৫ জনকে (ক্যাডার) নেওয়া হবে। তবে একেকটি বিসিএস থেকে পর্যাপ্ত পরিমাণ প্রার্থী নন–ক্যাডারে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভালো ভালো পদে নিয়োগ পাচ্ছেন। সেই হিসাবে, একেকটি বিসিএসে মৌখিক পরীক্ষায় পাস করলে নিশ্চিত চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে।

৪০তম বিসিএসের জন্য গত বছরের ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ মে। এতে প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

আগামী মাসের মধ্যেই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার এবং ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করেছে কমিশন। ঈদের আগেই ৩৮তম বিসিএসের ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। দুইজন পরীক্ষক এবং ক্ষেত্রবিশেষ তিনজন পরীক্ষকের খাতা মূল্যায়নের কারণে একটু বিলম্ব হয়েছে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। গত বছরের ৮ আগস্ট এই বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

ঈদের আগেই ৩৭তম বিসিএস নন-ক্যাডারের তালিকা প্রকাশের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পিএসসি। গত ১৩ মার্চ ৫৭৮ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশের পর দ্বিতীয় তালিকাটি প্রকাশিত হতে যাচ্ছে। ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৩১৪ জন ক্যাডার পান। বাকি ৩ হাজার ৪৫৪ জনকে নন-ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদেরকে পর্যায়ক্রমে নিয়োগের সুপারিশ করবে পিএসসি। পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, নন-ক্যাডারে আবেদনকারীদের বেশিরভাগ এবার চাকরি পেতে পারেন। অপেক্ষমাণদের চাকরির লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।