নিজস্ব সংবাদদাতা, কুড়িগ্রাম;  স্কুলে শিক্ষকদের দীর্ঘ অনুপস্থিতির কারণে জেলার রৌমারী উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীর তালা ঝুলানোর পর অবশেষে প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে শোকজ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল রবিবার (০২ মার্চ ২০২০) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম শোকজের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আগামী ৩ কার্যদিবসের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে ব্যর্থ হলে ওই ৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দশনা রয়েছে বলেও বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম  জানান, স্কুলে তালা ঝুলানো নিয়ে দৈনিক শিক্ষায় সংবাদ প্রকাশিত হলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক কাকলী আক্তার ও ফেরদৌসী পারভীনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দেন। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

তবে ধর্মপুর সরকারি স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান শোকজ প্রাপ্তির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, শিক্ষা কর্মকর্তা, স্কুলের সভাপতি, কয়েজন গ্রামবাসী ও অভিযুক্ত ৩ শিক্ষকের মধ্যে এক বৈঠকের মাধ্যমে বিষয়টি মিটমাট হয়েছে।

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি রৌমারীর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, স্কুলে কোনো শিক্ষক সময় মতো উপস্থিত হন না এবং পড়াশোনাও হচ্ছে না। স্কুলের সভাপতি আব্দুর রশিদসহ গ্রামের অনেকেই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। ফলে তারা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

আমাদের বাণী ডট কম/০৩ মার্চ ২০২০/পিসিপি 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।