কানন বাদশা, কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা; ঈদের সকালে জেলার কালীগঞ্জ উপজেলায় মাত্র ১০ মিনিটের ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। এ সময় আহত হয়েছেন আটজন।
আজ সোমবার (২৫ মে ২০২০) সকাল ৭টার দিকে উপজলোর চলবলা ইউনয়িনের ১০টি গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানলে এই ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই ঝড়ের আঘাতে সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় মুহূর্তে অর্ধশত বাড়ি, গাছপালা, বিদ্যুৎতের খুঁটি ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র।
দেখা যায়, ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ মানুষ এখন খোলা আকাশের নিচে রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বই খাতাসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত রুস্তম আলী বলেন, ‘ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়তে বের হবো, সেই মুহূর্তে শুরু হলো ঝড়। এতে আমার থাকার একটি ঘর ঝড়ে উড়ে গেছে। এখন নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে আছি।’
এদিকে, খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তার আশ্বাস দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
আমাদের বাণী ডট কম/২৫ মে ২০২০/ডিডিএ
