ডেস্ক রিপোর্ট, ঢাকা; যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে নুরুল ইসলাম বাবুল জানান, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
বাবুল জানান, গত রোববার তার করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। পরদিন তিনি হাসপাতালে ভর্তি হন।
যমুনা গ্রুপের এক কর্মকর্তা জানান, বাবুলের এক মেয়ে ও মেয়ের স্বামী অসুস্থ। তবে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসার ৬-৭ জন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে।
যমুনা গ্রুপের ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি যমুনা গ্রুপের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য। তিনি এখনও সুস্থ আছেন।
যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এই গ্রুপটির মালিকানাধীন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে
আমাদের বাণী ডট কম/১৮ জুন ২০২০/পিপিএম
