নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর; করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর লকডাউনে থাকবে। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর লকডাউন থাকবে।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০) বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জনস্বার্থে চাঁদপুর জেলাকে লকডাউন করা হয়েছে। এখন থেকে জেলা থেকে কেউ বের হতে কিংবা কেউ জেলায় ঢুকতে পারবেন না। আজ সন্ধ্যা ৭টা থেকে এই জেলায় সবার আগমন ও বহির্গমন নিষিদ্ধ। এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।’

এর আগে গত বুধবার জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে এক তরুণীসহ তিনজন ভর্তি হন। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। নতুন করে আরও ১ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২১ জনে। আজ বৃহস্পতিবার (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।
আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি
