নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী; জেলার বাউফলে স্থানীয় এমপিপুত্র রায়হান সাকিবকে অভ্যর্থনা জানাতে স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রেখে আড়াই ঘণ্টা ধরে প্রায় ৭০০ শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২০) উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া কলেজিয়েট স্কুলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও ওই কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের উদ্যোগে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ছিল গতকাল। ধুলিয়া কলেজিয়েট স্কুল মাঠে গতকাল সকালে ওই আয়োজন করা হয়। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আ স ম ফিরোজের ছেলে রায়হান সাকিবকে আমন্ত্রণ জানানো হয়।
সে সময় তাঁকে অভ্যর্থনা জানাতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্কুলের সব শিক্ষার্থীকে রাস্তায় রোদে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় বন্ধ রাখা হয় শিক্ষার্থীদের পাঠদানও।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, ‘কলেজের অধ্যক্ষ এসব করেছে।’ এ ছাড়া তিন শিক্ষার্থী বলে, ‘আমরা রাস্তায় না দাঁড়ালে নাকি স্যারদের চাকরি নিয়ে সমস্যা হবে। এ জন্য রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়েছি।’
জানতে চিলে এ বিষয়ে রায়হান সাকিব বলেন, ‘রাস্তায় কাউকে দাঁড় করিয়ে রাখা হয়নি। তবে ছুটির পর শিক্ষার্থীরা খেলা দেখেছে।’
