কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী জেলা পুলিশ। শনিবার এই অনুষ্ঠানে মানুষকে নিয়ে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার কাজী কেরামত আলী ভুপেন হাজারিকার কালজয়ী ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’- গানটি পরিবেশন করেন। তার কণ্ঠে গানটি শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই মুগ্ধ হন।
পুলিশ সুপার মো মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় গেস্ট অব অনার রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব আহমেদ নিজাম মন্টু, রাজবাড়ী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
