ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রিমন সাউদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ মে ২০২০) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর শোনার ৩ ঘণ্টা পরই মারা গেছেন তার বাবা হাজী মো. ইয়ার হোসেনও।

এর আগে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করলে মো. ইয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৮টার দিকে তিনি মারা যান। হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

মৃতের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। ভোর রাত ৩টার দিকে অসুস্থ্য বোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেঁটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসপাতলে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোনো হাসপাতালে তাকে ভর্তি নেয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।’

এই খবর শুনে তার বাবাও হার্ট অ্যাটাকে মারা যান বলে জানান মাসুম সাউদ। তিনি আরও বলেন, রিমনের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। তবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

এদিকে, একই দিনে বাবা ও ছেলের এমন করুণ মৃত্যুর খবরে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।

আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।