ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল আলম। বুধবার (৮ জুলাই) বিকেলে নিজের করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেন তিনি।

সহযোগী অধ্যাপক রফিকুল আলম বলেন, ‘গত ১ জুলাই প্রথমে গলা ব্যথা দেখা দেয়। এরপর ৩ জুলাই থেকে শরীরে জ্বর দেখা দেয়। গলাব্যথা সেরে গেলেও জ্বর মাঝে মধ্যে চলে যায় আবার আসে। এমন অবস্থায় গতকাল অফিসার্স ক্লাবে করোনার নমুনা পরীক্ষা করাই। আজ দুপুরে মোবাইলে মেসেজের মাধ্যমে করোনা পজিটিভের কথা জানতে পারি।’

রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজারে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা তার। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শরীরে হালকা জ্বর, মাথাব্যথা ছাড়া শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। নিজের রোগমুক্তির জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৩০ জুন নিজের করোনাভাইরাস পজিটিভের কথা নিশ্চিত করেছিলেন ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৬জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২১৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮৯  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৫  হাজার ৬৭৫ টি যা গতদিনে ছিল ১৩ হাজার ১৭৩ টি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী আটজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে তিনজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে চারজন এবং রংপুর বিভাগে একজন।

আমাদের বাণী ডট কম/০৮  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।