চট্টগ্রাম সংবাদদাতা; চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।
- বিষয়টি নিশ্চিত করে সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘কমিশনার স্যারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে আমরা মৌখিকভাবে নিশ্চিত হয়েছি। টেস্ট রিপোর্টটি এখনো হাতে আসেনি।’
তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে উনার জ্বর ছিল। জ্বর ওঠার পর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। এখন তেমন কোনো শারীরিক অসুবিধা নেই।’
পুলিশ কমিশনারের পরিবারের অন্য সদস্যদের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি বলেও জানান উপ-কমিশনার আবদুল ওয়ারিশ।
- এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘উনার পরীক্ষার পর হয়তো অনুরোধ করে ফলাফল মৌখিকভাবে জেনে নিয়েছেন। তবে উনার রিপোর্ট এখনো আমাদের কাছে পৌঁছেনি। উনারা (পুলিশ কর্মকর্তারা) বলে থাকলে, সেটাই হয়তো ঠিক।’
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৬৫৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৪৫৬০ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৪০৪ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।’ ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’
