হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার সর্দি, কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ  সোমবার (৩০ জানুয়ারি ২০২০) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যক্তি তিন দিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি করানোভাইরাসে আক্রান্ত হতে পারেন। এ জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়ম মেনে লাশ দাফন করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার জানান, আজ সকাল ৭টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। এ সময় চিকিৎসকেরা দেখতে পান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ওই ব্যক্তি (৪০) পেশায় ইজিবাইক চালক ছিলেন। শহরের চৌড়হাস এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার তার সর্দি দেখা দেয়। এরপর কাশি ও শ্বাসকষ্ট হতে থাকে। আজ সকালে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। এক পর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

আবাসিক চিকিৎসক  তাপস কুমার সরকার বলেন, ইজিবাইক চালকের পরিবারে কোনো বিদেশি নেই বলে তারা জানতে পেরেছেন। কিন্তু ইজিবাইক চালানোর সময় করোনাভাইরাসের বাহক কারো সংস্পর্শে যেতে পারেন। এ জন্য নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে। এরপর লাশ সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে। বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ওই ব্যক্তির গ্রামের বাড়িতে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীকে পুলিশসহ পাঠানো হয়েছে। নমুনার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বাড়িটি লকডাউন করা থাকবে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে এবং মৃতের সংখ্যা ৫। আজ সোমবার (৩০ মার্চ ২০২০) দুপুর ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানিয়েছেন, এক চিকিৎসক ও নার্সসহ আরও ৪ জন সুস্থ্য হয়েছেন। এর মধ্যে এক জনের বয়স ৮০ এবং দুই জনের বয়স ৬০ এর উপর। এই প্রথম দেশে ষাটোর্ধ কোন ব্যক্তির সুস্থ্য হবার কথা জানালো আইইডিসিআর। সব মিলিয়ে সুস্থ্য হয়েছেন ১৯ জন।

আমাদের বাণী ডট কম/৩০মার্চ ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।