নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আতঙ্ক দেখা গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর এই আতঙ্কে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। করোনাভাইরাস সংক্রান্ত লক্ষণ উল্লেখ করে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মাউশি এ বিজ্ঞপ্তি জারি করে।

আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২০) দুপুরে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাউশির অধিনস্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের করোনাভাইরাসের ব্যাপারে সচেতন হতে হবে। বর্তমান পরিস্থিতিতে সচেতন ও সচেষ্ট থাকা প্রয়োজন। করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ, যেভাবে ছড়ায় এবং এর প্রতিকার উল্লেখ করে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরিস্থিতি মোকাবিলায় আইইডিসিআর করোনাভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা মেনে চলার অনুরোধ এবং আতঙ্ক ও ভীত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে। কেউ আক্রান্ত হলে কিংবা সম্ভাব্য লক্ষণ দেখা গেলে আইইডিসিআ ‘র করোনা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২০ আজ (১০ মার্চ ২০২০)  মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থাগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিকে গতকাল (০৯ মার্চ ২০২০) সোমবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাসে  শনাক্ত হওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আজ (১০ মার্চ ২০২০)  সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/সিসি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।