নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা; জেলায় নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনা পজেটিভ ফলাফল এসেছে ১৫৯ জনের।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইশোলেশনে থাকা করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দেবিদ্বারের লাল মিয়া নামের এক ব্যক্তির মঙ্গলবার করোনা পজেটিভ ফলাফল এসেছে। এ নিয়ে আজ পর্যন্ত (১২ মে) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে ৮ জন। এদের মধ্যে ৭ জনের বাড়িই জেলার দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে।

আজ মঙ্গলবার  (১২ মে ২০২০) দুপুরে এসব তথ্য জানান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মোঃ নিয়াতুজ্জামান।

 সিভিল সার্জন ডা: মোঃ নিয়াতুজ্জামান  জানান, নতুন করে আক্রান্ত ৩ জনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার বিষ্ণপুরের একজন। ওই ব্যক্তি ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার। এছাড়াও দেবিদ্বারে এবং লাকসাম উপজেলায় ১ জন করে পজেটিভ রোগী রয়েছেন।

জেলার করোনার সর্বশেষ আপডেট বিষয়ে সিভিল সার্জন বলেন, আজ পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত তিন হাজার ৭৪৩ নমুনার মধ্যে তিন হাজার ১৫২টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে মোট ১৫৯ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন এবং মারা গেছেন ৮ ব্যক্তি। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা। সেখানে এরই মধ্যে মারা গেছে ৭ জন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে গত শনিবার সন্ধ্যায় এ হাসপাতালের আইশোলেশনে ভর্তি হন জেলার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের লাল মিয়া (৬০)। ওই দিন ভোর রাতে সেখানে তার মৃত্যু হলে করোনার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার ওই ব্যক্তির করোনা পজেটিভ ফল আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।

আমাদের বাণী ডট কম/১২ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।