নিজস্ব সংবাদদাতা, নওগাঁর; জেলার আত্রাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই ফরিদ উদ্দিনের এলোপাতাড়ি লাঠিপেটায় বড় ভাই আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আত্রাই থানা পুলিশ ছোট ভাইকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, উপজেলার মুনিয়ারি ইউনিয়নে পতিসর গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে সোমবার সকালে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই ফরিদ উদ্দিন বড় ভাই আব্দুর রহমান (৫৮) কে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে বড় ভাই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুর রহমান মারা যায়। মৃত্যুর খবর জানাজানি হওয়ার সাথে সাথে আত্রাই থানা পুলিশ ফরিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলিম উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এমন খবর পেয়ে দ্রুত ঘাতক ফরিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আমাদের বাণী ডট কম/১২ মে ২০২০/পিপিএ
