হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়া সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে ভাতিজার হাতে শের আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের ছেলে মোস্তাক আলী।
নিহত শের আলী কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের মনোহরদিয়া গ্রামের মৃত আফিল উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মনোহরদিয়া গ্রামের বাসিন্দা শের আলীর আত্মীয়দের সাথে বাড়ির সীমানা নির্ধারণে জমি মাপা হচ্ছিলো এমন সময় তার চাচাত ভাই তৈয়ব আলীর সাথে সে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় তৈয়ব আলীর ছেলে সেলিম রেজা চাচা শের আলীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে শের আলী গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। এসময় স্থানীয়দের সাহায্যে পরিবারের লোকজন গুরুতর আহত শের আলীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার জানান, শরীকদের মধ্যে জমিজমা ভাগাভাগি ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হলে ধারালো অস্ত্রের আঘাতে শের আলী নামে একজন নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাক আলী ৭ জনের নাম উল্লেখসহ হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি সেলিম রেজা (৩৫)’কে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/পিপিএ
