খুলনা সংবাদদাতা; খলনায় একদিনে রেকর্ড ১০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯৭ জনই খুলনা জেলা ও মহানগরীর। নগরীর প্রায় সব এলাকাতে এখন করোনা আক্রান্ত রোগী রয়েছে। ফলে নগরীর ১৪টি এলাকা রেড জোন করার পদক্ষেপ নিয়েছে খুলনা জেলা প্রশাসন।
- আজ বুধবার (১৭ জুন ২০২০) খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে বাগেরহাটের দুইজন, যশোরের দুইজন এবং নড়াইলের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২৭০টি। এদের মধ্যে মোট ১০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৯৭ জন খুলনার। বাকিদের মধ্যে বাগেরহাট জেলার দুইজন রয়েছেন, যাদের বর্তমান ঠিকানা খুলনা। এছাড়া যশোর জেলার দুইজন ও নড়াইল জেলার একজন রয়েছেন।
- খুলনার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। খুমেকের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়ার দিক থেকেও এটি সর্বোচ্চ।
এর আগে গতকাল মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত হয়। যার সবাই খুলনা মহানগরী ও জেলার। সোমবার খুলনায় ৪২ জনের এবং গত শনিবার ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ৫৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
