মেহেরপুর সংবাদদাতা; জেলার গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে  সুন্দরী খাতুন (৪৮) নামে এক স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। একই ঘর থেকে রুস্তুম আলী নামে ৫৫ বছর বয়সী ঐ গৃহবধূর স্বামীর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ মে ২০২০) সকালে উপজেলার বামন্দী শহরের টাবুর বাড়ির থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তাদের পৈত্রিক বাড়ি গাংনী উপজেলার নতুন মটমুড়া গ্রামে। জীবিকার কারণে তারা গাংনী উপজেলার বামন্দী শহরের টাবুর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী ৪ বছর ধরে বসবাস করতেন। তারা দুজনই বামুন্দী বাজারের পরিছন্নতাকর্মী ছিলেন। ২৫ মে দুপুরে তাদেরকে বাজারে কাজ করতে দেখা গেছে। তারপর আর তাদের দেখা যায়নি। পরে ওদের ঘর থেকে দুর্গন্ধ বের হলে লোকজন পুলিশে খবর দেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে তালাবদ্ধ একটি কক্ষ থেকে স্ত্রী সুন্দরী খাতুনের অর্ধগলিত লাশ এবং স্বামী রুস্তুম আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। সেইসাথে আহত রুস্তুমকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, পরিকল্পিতভাবেই কোনো চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে কতদিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ডের রহস্য এখনই বলা সম্ভব না। পুলিশ রহস্য উৎঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। তাছাড়া রুস্তুম আলী পুরোপুরি সুস্থ হলে হত্যকাণ্ডের কারণ ও হত্যাকারী কারা সেটা উৎঘাটন করা সহজ হবে।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কোনকিছু ছিনিয়ে নেওয়ার কারণেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ একাধিক ক্লু নিয়ে কাজ শুরু করেছে।

আমাদের বাণী ডট কম/২৯  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।