গাইবান্ধার জেলা সদরে পুকুরের পানিতে পড়ে আলেমা আকতার (৬) ও সেলিনা আকতার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২০) দুপুরে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশু আলেমা আকতার ওই গ্রামের আলম মিয়ার এবং মৃত শিশু সেলিনা আকতার পার্শ্ববর্তী গিদারি ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামের সাইফুল হকের মেয়ে। সেলিনা আকতার নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ওই দুই শিশু বাড়ির পেছনে পুকুর পাড়ে বল খেলছিল। বলটি একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। তখন ওই দুই শিশু বলটি আনার জন্য পুকুরের পানিতে নামলে তারা তলিয়ে যায়। শিশু দুটি একপর্যায়ে নিখোঁজ হলে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তারা শিশু দুটির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে।
এ বিষয়ে ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু বিকেলে এঘটনায় শিশু দুটি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
