নিজস্ব সংবাদদাতা, মকসুদপুর (গোপালগঞ্জ); জেলার মুকসুদপুর উপজেলায় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। তবে খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

আজ রবিবার (০১ মার্চ ২০২০)  বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ছাগলছিড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খাদে পড়ার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

তিনি আরও জানান, দগ্ধ প্রাইভেটকারের আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/টিবি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।