নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন নিতে হচ্ছে না তাকে।
- আজ সোমবার (০১ মে ২০২০) এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
মো. ফরহাদ বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গতকাল রবিবারের চেয়ে আজ সোমবার তুলনামূলক ভালো রয়েছে। তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। এখন তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না।
- করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে ও তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা বাসায় রয়েছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তারা।
গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্তের খবর নিজেই জানিয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী।
এদিকে দেশের স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩১ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। আক্রান্তের হার ২০.৮১ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৫৯৭ জন। সুস্থতার হার ২১.৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৯ জন ও নারী তিনজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের দুইজন ও বরিশাল বিভাগের একজন। বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ৪১-৫০ আটজন, ৫১-৬০ চারজন, ৬১-৭০ সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে পাঁচজন ও হাসপাতালে আনার পথে একজন।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/সিসিপি
