নিজস্ব সংবাদদাতা, ঢাকা; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
- আজ সোমবার (০১ জুন ২০২০) বিকেল সোয়া ৪টার দিকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন-চারদিন ধরেই মাইদুল ইসলাম জ্বরে ভুগছিলেন। গতকাল রোববার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভের বিষয়টি তাকে জানানো হয়।
- বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মাইদুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে দীর্ঘদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। করোনা দুর্যোগের শুরু থেকেই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত সচিবালয়ে অফিস করার পাশাপাশি তাকে বাইরেও মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হলেন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০১ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৬৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৩৮১ জন । এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৪৭ হাজার ৫৩৪ জনে। দেশে ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। আক্রান্তের হার ২০.৮১ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৫৯৭ জন। সুস্থতার হার ২১.৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৯ জন ও নারী তিনজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের দুইজন ও বরিশাল বিভাগের একজন। বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ৪১-৫০ আটজন, ৫১-৬০ চারজন, ৬১-৭০ সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে পাঁচজন ও হাসপাতালে আনার পথে একজন।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/সিসিপি
