নিজস্ব সংবাদদাতা, জামালপুর; জেলার বকশীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স।

গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০)   রাতে বিষয়টি জানার পর বকশীগঞ্জ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্ত নার্স বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, গলা ব্যাথা ও জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন। গত তিন দিন আগে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার জন্য নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তার দেহে করোনাভাইরাসের জীবাণু পান।

গতকাল রাতে পরীক্ষার রিপোর্ট আসার পর বকশীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ ওই নার্সের করোনাভাইরাস শনাক্তের কথা ঘোষণা দেন। পরে তাকে ঢাকায় পাঠানো হয়। তবে ওই নারী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাসপাতালে কর্তব্যরত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। গতকাল বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।