জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশীপাড়ায় এক ব্যক্তি (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০)  বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেস্ট ইউনিটে তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এ বিষয়ে খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের চাষাড়ায় সুগন্ধা হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি করেন। তিনি জ্বর নিয়ে গত ৪ এপ্রিল বাড়িতে আসেন। এরপর এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

 চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী  জানান, পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত মঙ্গলবার (৭ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেস্ট ইউনিটে পাঠান। আজ বিকেলে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

সৈয়দপুর উপজেলা নির্বাহি অফিসার  (ইউএনও)  মো. নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে যেসব বাড়ির লোকজন এসেছে তা সনাক্তের কাজ চলছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। আজ বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।