এম বুরহান উদ্দীন, শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা; জেলার : কালীগঞ্জে বাপ্পি হাসান (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১০ জুন ২০২০) সকালে গ্রামের লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনা স্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের আব্বাস আলীর ছেলে।
ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জালাল হাসান জানান, সকালে বাড়ির পাশের একটি আমগাছে বাপ্পির মরদেহ ঝুলে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। তিনি আরও জানান, প্রায় ১০ বছর একই ভাবে নিহতের মায়ের মৃত্যু ঘটে। সে সময় বাপ্পির মামারা এটাকে স্বাভাবিক পর্যায়ে নিলেও বাপ্পির মত্যুর ঘটনাটি আত্মহত্যা নয় বলে তারা মৌখিকভাব দাবি করছেন।
স্থানীয় কালাবাজার পুলিশ ফাঁড়ির এস আই আবুল কাশেম জানান, ঘটনা স্থলে তিনি গিয়ে লাশ উদ্ধার করে থানাতে পাঠিয়েছেন। তিনি বলেন, এটা হত্যা না আত্মহত্যা এখনই তা বলা যাচ্ছে না। তিনি আরও জানান, তবে নিহতের মামাদের ভাষ্য তার ভাগ্নেকে হত্যা করা হতে পারে। আবার লাশ উদ্ধারের আগেই নিহতের বাবা আব্বাস আলী পালিয়েছে। ফলে বিষয়টি সন্দেহজনকও বটে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে ঘটনাটি কি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহাফুজুর রহমান বলেন, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। ইতোমধ্যে লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ পাঠিয়েছেন।
আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ
