নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল; জেলার ধনবাড়ী উপজেলায় নানা নাটকীয়তার পর অবশেষে সেই ‘ধর্ষক’ রাসেলের (২০) সঙ্গেই ছয় লাখ টাকার কাবিননামায় অন্তঃসত্ত্বা কলেছছাত্রীর (১৮) বিয়ে হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২০) রাতে ধনবাড়ী থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় স্থানীয় নিকাহ রেজিস্ট্রার তোফাজ্জল হোসেনের বাসায় এ বিয়ে নিবন্ধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কলেজছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পাশের গোপালপুর উপজেলার প্রবাসী আবদুর রাজ্জাকের ছেলে রাসেলের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভনে কয়েক মাস ধরে দফায়-দফায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন রাসেল। এতে ওই কলেজছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ছেলের পরিবার। এভাবে নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২০) খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর বাড়ি থেকে ওই দুজনকেই হেফাজতে নেয়।
এ বিষয়ে ধনবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুল মজিদ মিন্টু জানান, বিষয়টি নিয়ে গত সোম ও মঙ্গলবার দুই দিন ধরে দফায় দফায় দেন দরবার হয়। পরে মঙ্গলবার মধ্যরাতে ছয় লাখ টাকা কাবিনে পুলিশি হেফাজতে থাকা রাসেলের সঙ্গেই উভয় পক্ষের সম্মতিতে অন্তঃসত্ত্বা ওই কলেজছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে।
জানতে চাইলে ধনবাড়ী থানার অফিসার্চ ইনচার্জ (ওসি) মো. চান মিয়া বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই ছেলেসহ মেয়েকে থানায় আনা হয়। পরবর্তীতে রাতে উভয় পক্ষের সম্মতিতে বিবাহ সম্পন্ন হওয়ায় ঘটনাটির সমাধান হয়।’
আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/পিএ
