মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা ; ঠাকুরগাঁও জেলায় তিন’শ একর জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

শনিবার( ৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কারাস মিলনায়তনে ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ঠাকুরগাঁও রেলস্টেশন থেকে শিবগঞ্জ রেলস্টেশন পর্যন্ত এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য তিন’শ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ে ৭১টি ফ্যাকাল্টি থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এমপি রমেশ বলেন, সালন্দরে ইকোনমিক জোন স্থাপনের কাজ এগিয়ে চলছে। ঠাকুরগাঁও বাসীকে দেয়া জননেত্রী শেখ হাসিনার সকল প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একসময় ঠাকুরগাঁও থেকে ঢাকা এসে পড়াশোনা করা অনেক কষ্টকর ছিল। এখন একেবারে সহজ। যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল। নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে জীবনের লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবীতে ঠাকুরগাঁও জেলার আপামর জনসাধারণকে সাথে নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদ। এই পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার নূর উস সাদিক।২০১৮ সালের ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, আন্তঃনগর ট্রেন, ইকোনমিক জোন স্থাপনসহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি দেন এবং ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।