ঠাকুরগাঁওয়ে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি এনজিও আশা’র কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সাড়ে ৯টার সময় রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নতুন মার্কেটের ব্রীজের পার্শ্বে এ ঘটনা ঘটে।

নিহত এনজিও কর্মী মনিরুল ইসলাম (৪২) রাণীশংকৈল উপজেলার নেকমরদ শাখায় কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ১৯ জুলাই শুক্রবার সকালে টিম ওয়ার্কে বের হয়েছিলেন মনিরুল ইসলাম। নেকমরদ বাজার থেকে বালিয়াডাঙ্গী’র উদ্দেশ্যে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মনির। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আশা’র কর্মী জানান, সম্প্রতি বেসরকারি এনজিও আশা কর্মীদের বকেয়া আদায়ের জন্য ছুটির দিন শুক্রবার টিম ওয়ার্কে বের করছেন। এটি বাধ্যতামূলক করায় কিছু বলতেও পারছেন না কর্মীরা। তাদের ধারণা শুক্রবারে এই টিম ওয়ার্ক না থাকলে অকালে একজন কর্মীকে হারাতে হতো না তাদের।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, নছিমনটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।