আলাল হোসেন রাফি, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ ) সংবাদদাতা; জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তার সহকারীসহ নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বাকি ৩ জনই উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের বাসিন্দা।
এরমধ্যে ২ জন হলেন চিকারকান্দি গ্রামের করোনা আক্রান্ত সেই যুবকের ছোটভাই (১৮) ও ছোটবোন (১৪) এবং অন্যজন একই গ্রামের বরিশাল ফেরত যুবক (১৭)। এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জনে দাঁড়ালো।
জানা যায় আক্রান্তের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত ল্যাবে পাঠানো হলে মঙ্গলবার (০৫ মে) তাদের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তার সহকারী করোনা আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে থাকা স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন আক্রান্তদের তাদের নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।
আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ
