নিজস্ব সংবাদদাতা, সিলেট; করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন নার্সিং কর্মকর্তার (ব্রাদার) মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৯ মে ২০২০)  রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। রুহুল আমিনই দেশে প্রথম ব্রাদার, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

  • এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রুহুল আমিনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর চার ঘণ্টা পর তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

  • তিনি জানান, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন রুহুল আমিন। এরপর করোনা আইসোলেশন সেন্টার নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’  ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/৩০  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।