শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ চাকরির বাজারের উপযোগী হিসেবে গড়ে তুলতে পারছে না। নিয়োগদাতারা অভিযোগ করেন, তারা দক্ষ কর্মী পাচ্ছেন না।’

১৮তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম-২০১৯’ (এইউপিএফ) এর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই কথা বলেন। শনিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই অনুষ্ঠান হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন জনমিতির সুবিধা ভোগ করছে। এই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে হলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উদ্যোক্তাদের শিক্ষাক্ষেত্রে ফলদায়ক বিনিয়োগের কথা বলেন।

দীপু মনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু বিজ্ঞান ও গণিতের বিষয়গুলোতে জোর দিলে চলবে না। তাদের ভালো মানুষ হতে হবে। এ জন্য মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়গুলোর প্রতিও নজর দিতে হবে। এসব সমস্যা মোকাবিলায় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি এইউপিএফের মতো আন্তর্জাতিক আয়োজনকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বিশেষ সুযোগ বলে অভিহিত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।