নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দেশে চিকিৎসাসেবা দিতে গিয়ে সোমবার পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের ৫৬৫ চিকিৎসক করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন (বিডিএফ)।
চিকিৎসকদের সংগঠন বিডিএফের প্রধান নিরুপম দাস বলেন, শুধুমাত্র ঢাকা বিভাগে ৪০৪ চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
বিডিএফের তথ্য মতে, ঢাকা বিভাগে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক আছেন ২৩৮ জন এবং বেসরকারি হাসপাতালের ১৪৪ জন।
আক্রান্ত মোট চিকিৎসকদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে ৩৬৪ জন, বেসরকারি হাসপাতালে ১৪৭ জন এবং অন্যদের মধ্যে ৫৪ জন আক্রন্ত হন।
ঢাকা ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৬১, চট্টগ্রামে ১৫, খুলনায় ২৯, বরিশালে ১০, সিলেটে ছয় এবং রংপুর বিভাগে আটজন চিকিৎসকের মধ্যে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।
নিজেদের সুরক্ষার জন্য চিকিৎসকদের ডিউটি শেষে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরিত্যাগ করার সময় সতর্ক হওয়ার পরামর্শ দেন ডা. নিরুপম।
চিকিৎসক ছাড়াও দেশের বিভিন্ন শহর, রাস্তা, মহাসড়ক এবং গ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আশঙ্কাজনক হারে সংক্রমিত হচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৬০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮৭ হাজার ৬৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে মারা গেছেন ১৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ২১০ জন।
আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ
