নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসে সারা দেশে ৮ হাজার ৮৪৮ জন আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে রবিবার পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৪০৮ জন।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, ‘মোট আক্রান্ত পুলিশের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই ২ হাজার ১২০ জন আক্রান্ত।’
- বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা সারা দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছেন। এর মধ্যে রোববার পর্যন্ত ৩০ পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সূত্রটি জানায়।
ইতোমধ্যে সংক্রমিত ৩ হাজার ৪৫০ জন পুলিশ সদস্যকে আইসোলেশনে এবং ৯ হাজার ৩৭৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২১ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৪৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। আজ নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ১৫৫৮৫ টি যা গতদিনে ছিল ১৪০৩১ ।দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।
আমাদের বাণী ডট কম/২১ জুন ২০২০/পিপিএম
