নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী স্কুল-কলেজের নবসৃষ্ট পদে এমপিওভুক্তির জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার এ বিষয়ে নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি পাঠানো হয়েছে ।

মাউশি সুত্রে জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর এমপিও কমিটির সভায় নবসৃষ্ট পদে এমপিও জটিলতা নিরসনের বিষয়ে আলোচনা হয়েছিল। আলোচনা সভায় এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন কমিটির শিক্ষক প্রতিনিধিরা নবসৃষ্ট পদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও আলোচনা সভায় নবসৃষ্ট পদে নির্ধারিত অর্থবছরের আগে বিধিমোতাবেক নিয়োগ প্রাপ্তদের জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ে নির্দেশনা আহ্বান করার সিদ্ধান্ত নেয়া হয়।

মাউশি সুত্রে জানা যায়, স্কুল কলেজের নবসৃষ্ট পদে নিয়োগপ্রাপ্তদের এমপিও জটিলতার নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নবসৃষ্ট পদে নিয়োগপ্রাপ্তদের জটিলতা তুলে ধরা হয়েছে। এসব পদে নিয়োগ এনটিআরসিএর সুপারিশের প্রেক্ষিতে সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়কে। ভৌতবিজ্ঞান পদটি যে পূর্বে নীতিমালায় অন্তর্ভুক্ত ছিল তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। শিক্ষকরা যে নিয়োগ বিধিমতে নিয়োগ পেয়ে যোগদান করেছেন তা বলা হয়েছে চিঠিতে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাউশি এ জটিলতা নিরসনে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান কর্মকর্তারা।

সূত্র মারফত জানা গেছে, স্কুল কলেজের নবসৃষ্ট পদে নিয়োগ ও এমপিও আদেশে ভৌতবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের কার্যক্রম চলতি অর্থবছর থেকে শুরু করতে বলা হলেও এনটিআরসিএর মাধ্যমে দ্বিতীয়  নিয়োগ চক্রে গত অর্থবছরে এসব পদে সুপারিশ পেয়ে যোগদান করেছেন কয়েকশত প্রার্থী। নিয়োগ কার্যক্রম গ্রহণের আদেশ ও প্রকৃত নিয়োগের অর্থবছর ভিন্ন হওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়।

২০১৯ সালের ৩০ মে স্কুলের নয় টি এবং কলেজের সাত টি পদে নব সৃষ্ট পদে নিয়োগ ও এমপিওভুক্তির আদেশ জারি করা হয়। যদিও গত বছর ফেব্রুয়ারিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক এনটিআরসিএর সুপারিশ পেয়ে নবসৃষ্ট বিভিন্ন পদে যোগদান করেন।

উক্ত আদেশের প্রেক্ষিতে কলেজগুলোতে নতুন এমপিও নীতিমালা অনুযায়ী নবসৃষ্ট পদে নিয়োগ ও এমপিওভুক্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয় মাউশি। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত আর্থিক বছরের আগে এসব পদে নিয়োগের কার্যক্রম গ্রহণ করা যাবেনা। তাই, মাঠ পর্যায়ের কর্মকর্তারা নবসৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত যারা এনটিআরসিএর সুপারিশ পেয়ে যোগদান করেছেন তাদের এমপিও আবেদন মাউশির অগ্রায়ন করছিলেন না।

গত ২৯ ডিসেম্বর সকালে মাউশি’র সামনে অবস্থান নেন নবসৃষ্ট পদে নিয়োগ পেয়েও এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীরা। আন্দোলনকারীরা জানান, অনেক প্রার্থী নবসৃষ্ট পদে নিয়োগ পেয়েও এমপিওভুক্ত হতে পারছে না। আবার অনেকে এমপিওভুক্ত হয়ে গেছে। একই পদে নিয়োগ পেয়ে কেউ এমপিও পাবে কেউ পাবে না, প্রশ্ন তোলেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।