ডেস্ক রিপোর্ট, ঢাকা; প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে মারা যাওয়া এক নারীর লাশ নেয়নি তার স্বজনরা।
আজ রবিবার (১০ রবিবার ২০২০) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ওই নারীর দাফন সম্পন্ন হয়।
এর আগের শনিবার রাতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে ৩৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। মৃত নারীর বাড়ি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম জানান, করোনাভাইরাস আক্রান্ত মৃত্যু হলে লাশ ফেলে চলে যান ওই নারীর স্বজনরা। রবিবার বিকালে আমি খবর পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তারা কেউ লাশ নিতে রাজি হয়নি।
পরে সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলে তিনি লাশ বহনের গাড়ি ও দাফনের ব্যবস্থা করেন জানিয়ে তিনি বলেন, আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে ওই নারীর হাসপাতাল থেকে লাশ গ্রহণ করে দাফনের জন্য হস্তান্তর করেছি।
এ ব্যাপারে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক গৌতম রায় বলেন, শনিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়। লাশ নিতে পরিবারের কেউ আসেনি। মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০ মে ) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২২ হাজার ৬৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৮৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫০ জন।
আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ
